কাছে আমার নাইবা এলে হে বিরহী

বাণী

কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো।।
	নাই দাঁড়ালে কাছে আসি'
	দূরে থেকেই বাজিয়ো বাঁশি।
চরণ তোমার নাই বা পেলাম চরণের নূপুর ভালো।।
ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধূ।
	পরশ তোমার চাই না প্রিয়
	তোমার হাতের আঘাত দিও
মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো।।

জাগো অনশন-বন্দী ওঠ রে যত

বাণী

জাগো		অনশন-বন্দী, ওঠ রে যত
		জগতের লাঞ্ছিত ভাগ্যহত!
যত		অত্যাচারে আজি বজ্র হানি’
হাঁকে		নিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব		জনম লভি’ অভিনব ধরণী ওরে ঐ আগত।।
আদি		শৃঙ্খল সনাতন শাস্ত্র আচায়
মূল		সর্বনাশের, এরে ভাঙিব এবার।
ভেদি’		দৈত্য-কারা আয় সর্বহারা;
কেহ		রহিবে না আর পর-পদ-আনত।।
		নব ভিত্তি ‘পরে —
নব		নবীন জীবন হবে উত্থিত রে!
শোন্‌		অত্যাচারী! শোন্‌ রে সঞ্চয়ী!
		ছিনু সর্বহারা, হব সর্বজয়ী।
ওরে		সর্বশেষের এই সংগ্রাম-মাঝ।
নিজ		নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ;
এই		‘জনগন-অন্তর-সংহতি’ রে
হবে		নিখিল মানব জাতি সমুদ্ধত।।

হায় ঝ’রে যায় মোর আশা-কুসুম

বাণী

হায় ঝ’রে যায় মোর আশা-কুসুম বারে বারে।
ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে।।
বহিল বৈশাখী ঝড়, ঝরিয়া গেল বনফুল,
বিঁধিছে কণ্টক স্মৃতির, উড়িয়া গেল গো বুল্‌বুল্‌।
যেন কার ব্যথিত নিশ্বাস শ্বসিয়া ফিরিছে হেথা,
দলিত রাঙা গোলাপে জাগিছে তাহারি ব্যথা।
	মুরছায় দশ দিশি যেন ব্যথা-ভারে।।
ছিল যথায় রাঙা ফুল-মেলা
আজি পাতা ঝরার সেথা খেলা,
অবেলায় বাজে বিদায়-বাঁশি বন-পারে।।

কোথায় তখত তাউস কোথায় সে বাদশাহী

বাণী

কোথায় তখত তাউস, কোথায় সে বাদশাহী।
কাঁদিয়া জানায় মুসলিম ফরিয়াদ ইয়া ইলাহী।।
কোথায় সে বীর খালিদ, কোথায় তারেক মুসা
নাহি সে হজরত আলী, সে জুলফিকার নাহি।।
নাহি সে উমর খত্তাব, নাহি সে ইসলামী জোশ
করিল জয় যে দুনিয়া, আজি নাহি সে সিপাহি।।
হাসান হোসেন সে কোথায়, কোথায় বীর শহীদান —
কোরবানি দিতে আপনায় আল্লার মুখ চাহি'।।
কোথায় সে তেজ ঈমান, কোথায় সে শান-শওকত,
তকদীরে নাই সে মাহতাব, আছে প'ড়ে শুধু সিয়াহি।।

ওরে ও মদিনা বলতে পারিস

বাণী

ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর
খেলত ধূলা-মাটি নিয়ে মা ফাতেমা মোর।।

হাসান হোসেন খেলত কোথায় কোন সে খেজুর বনে
পাথর-কুচি কাঁকর ল'য়ে দুম্বা শিশুর সনে
সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর।।

মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা
দেখিয়ে দে সে বেহেশত আমায় রাখ রে আমার কথা;
তোর প্রথম কোথায় আজান-ধ্বনি ভাঙলো ঘুমের ঘোর।।

কোন পাহাড়ের ঝর্ণা-তীরে মেষ চরাতেন নবী
কোন পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি'
তুই কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর।।

বঁধু মিটিলনা সাধ ভালবাসিয়া

বাণী

বঁধু		মিটিলনা সাধ ভালোবাসিয়া তোমায়।
তাই		আবার বাসিতে ভালো আসিব ধরায়।।
		আবার বিরহে তব কাঁদিব
		আবার প্রণয়–ডোরে বাঁধিব,
শুধু		নিমেষেরি তরে আঁখি দুটি ভ’রে —
		তোমারে হেরিয়া ঝ’রে যাব অবেলায়।।
যে		গোধূলি–লগ্নে নববধূ হয় নারী,
সেই		গোধূলি–লগ্নে বঁধু দিল আমারে গেরুয়া শাড়ি।
বঁধু		আমার বিরহ তব গানে
		‌‌সুর হয়ে কাঁদে প্রাণে প্রাণে,
		আমি নিজে নাহি ধরা দিয়ে —
		সকলের প্রেম নিয়ে দিনু তব পায়।।