
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

গরজে গম্ভীর গগনে কম্বু। নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ।। সে-নাচে-হিল্লোলে জটা-আবর্তনে সাগর ছুটে আসে গগন-প্রাঙ্গণে। আকাশে শূল হানি’ শোনাও নব বাণী, তরাসে কাঁপে প্রাণী প্রসীদ-শম্ভু। ললাট-শশী টলি’ জটায় পড়ে ঢলি’, সে-শশী-চমকে গো বিজুলি ওঠে ঝলি’। ঝাঁপে নীলাঞ্চলে মুখ দিগঙ্গনা, মূরছে ভয়-ভীতা নিশি নিরঞ্জনা। আঁধারে পথহারা চাতকী কেঁদে সারা, যাচিছে বারিধারা ধরা নিরম্বু।।
রাগঃ মালকোষ
তালঃ তেওড়া
স্বরলিপিকার: কাজী নজরুল ইসলাম

আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি সেথা করিবে লীলা এসো গোলক-বিহারী।। মোর কামনার কালীদহ করি মন্থন কালীয় নাগে হরি করিও দমন আছে গিরি-গোরবর্ধন মোর অপরাধ যদি সাধ যায় সেই গিরি ধ'রো গিরিধারী।। আছে ষড় রিপু কংসের অনুচর দল আছে অবিদ্যা পুতনা শোক দাবানল আছে শত জনমের সাধ আশা-ধেনুগণ আছে অসহায় রোদনের যমুনা-বারি আছে জটিলতা কুটিলতা প্রেমের বাধা হরি সব আছে, নাই শুধু আনন্দ-রাধা তুমি আসিলে হরি ব্রজে রাসেশ্বরী আসিবেন হ্লাদিনী রূপে রাধা প্যারী।।
রাগঃ
তালঃ কাহার্বা

ভূমিকম্পের প্রলয়-লীলায় সব হ’ল ছারখার; ভিক্ষার ঝুলি ছাড়া আজ ভাই সম্বল নাহি আর। ভিক্ষা দাও গো ভিক্ষা দাও, কাঁদন কি ঐ শুনিতে পাও — বিত্তবিহীন চিত্ত ভরিয়া সকরুণ হাহাকার।। সারা জীবনের শ্রম-সঞ্চিত সম্পদ হ’তে হ’য়ে বঞ্চিত রিক্ত হস্ত জনগণ হের ফিরিতেছে দ্বার দ্বার। তোমার ক্ষুধার অন্নে আছে এ ক্ষুধিতের অধিকার।। আর্ত বিহারী তরে এ ভিক্ষা নহে হে বন্ধু, করে প্রতীক্ষা, দ্বারে তব দীন পীড়িত মানুষ প্রার্থনা সবাকার। এই পীড়িতেরে ফিরাতে কে পারে, রুধিবে কে আজি দ্বার।। আজ যাহা দিবে সম্বলহীনে ফিরায়ে তা পাবে তব দুর্দিনে, ঐশ্বর্যের পরিণতি হের সমুখে তব বিহার। ভিক্ষার ঝুলি ভরিয়া হে দাতা বর লহ বিধাতার।।
রাগঃ
তালঃ দাদ্রা

চরণে দলিয়া গিয়াছে চলিয়া তবু কেন তারে ভালোবাসি। বলিতে পারি না বোঝাতে পারি না আঁখি-জলে যায় বুক ভাসি’।। কেন সে বিরাজে হৃদয়েরি মাঝে তার স্বর যেন সদা প্রাণে বাজে কি বাঁধনে মোরে বেঁধেছে বল সে দিয়ে গেছে গলে প্রেম-ফাঁসি।।
রাগঃ
তালঃ কাহার্বা (ঢিমা)

আজি এ বাদল দিনে কত কথা মনে পড়ে। হারাইয়া গেছে পিয়া এমনি বাদল-ঝড়ে।। আমারি এ বুকে থাকি’ ঘুমাত সে ভীরু পাখি, জলদ উঠিলে ডাকি’ লুকাত বুকের ’পরে।। মোর বুকে মুখ রাখি নিবিড় তিমির কাঁদে, আমার প্রিয়ার মত বাঁধিয়া বাহুর বাঁধে। কোথায় কাহার বুকে আজি সে ঘুমায় সুখে, প্রদীপ নিভায়ে কাঁদি একা ঘরে তারি তরে।।
রাগঃ
তালঃ দাদ্রা
এসো মুরলীধারী বৃন্দাবন-চারী গোপাল গিরিধারী শ্যাম। তেমনি যমুনা বিগলিত-করুণা কুলু কুলু কুলু স্বরে ডাকে অবিরাম।। কোথায় গোকুল-বিহারী শ্রীকৃষ্ণ চাহিয়া পথ পানে ধরণী সতৃষ্ণ, ডাকে মা যশোদায় নীলমণি আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম।। ডাকে প্রেম-সাধিকা আজো শত রাধিকা গোপ-কোঙারি, এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর ব্রজ-বিহারী। পরি’ সেই পীতধড়া, সেই বাঁকা শিখী চূড়া বাজায়ে বেণূ আরবার এসো গোঠে, খেল সেই ছায়া-বটে চরাও ধেনু কদম তমাল-ছায়ে এসো নূপুর পায়ে ললিত বঙ্কিম ঠাম।।
রাগঃ মান্দ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan