
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নারায়ণী উমা খেলে হেসে হেসে হিম-গিরির বুকে পাহাড়ি বালিকা বেশে॥ গিরি-গুহা হতে জ্যোতির ঝরনা ছুটে চলে যেন চল ঝরনা, তুষার-সায়রে সোনার কমল যেন বেড়া ভেসে। — খেলে হেসে হেসে। মাধবী চাঁদ ওঠে কৈলাস-চূড়ে, খেলা ভুলিয়া যায়, অনিমেষ চোখে চায় পাষাণ প্রতিমা প্রায় সেই সুদূরে। সতী-হারা যোগী পাগল শঙ্করে মনে পড়িয়া তার নয়নে বারি ঝরে, শিব-সীমন্তনী পাগলিনী প্রায় ‘শিব শিব’ বলে ধায় মুক্তকেশে॥
রাগঃ নারায়ণী
তালঃ ত্রিতাল

পথহারা পাখি কেঁদে ফিরে একা আমার জীবনে শুধু আঁধারের লেখা।। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে বুঝি দুখ-নিশি মোর হবে না হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা।।
নাটকঃ ‘সিরাজদ্দৌলা’
রাগঃ
তালঃ কাহার্বা

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।। আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মোমাছি বিভোল।। কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে (রে) শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল। ফাগুনের মুকুল-জাগা দু'কূল ভাঙা আসবে ফুলেল বান কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল।। কবি তুই গন্ধে ভুলে ' ডুবলি জলে কূল পেলিনে আর ফুলে তোর বুক ভ'রেছিস আজকে জলে ভররে আঁখির কোল।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা
শিল্পীঃ মানবেন্দ্র

শুভ্র সমুজ্জ্বল, হে চির–নির্মল শান্ত অচঞ্চল ধ্রুব–জ্যোতি অশান্ত এ চিত কর হে সমাহিত সদা আনন্দিত রাখো মতি।। দুঃখ–শোক সহি অসীম সাহসে অটল রহি যেন সম্মানে যশে তোমার ধ্যানের আনন্দ–রসে নিমগ্ন রহি হে বিশ্বপতি।। মন যেন না টলে খল কোলাহলে, হে রাজ–রাজ! অন্তরে তুমি নাথ সতত বিরাজ, হে রাজ–রাজ! বহে তব ত্রিলোক ব্যাপিয়া, হে গুণী, ওঙ্কার–সংগীত–সুর–সুরধুনী, হে মহামৌনী, যেন সদা শুনি সে সুরে তোমার নীরব আরতি।।
রাগঃ লাচ্ছাশাখ
তালঃ ত্রিতাল

রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া। শুনি’ শিহরে কদম, বিদরে কেয়া।। ঝিলে শাপলা কমল ওই মলিল দল, মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া।। বারি-ধারে কাঁদে চারিধার ঘরে ঘরে রুদ্ধ দুয়ার, তেপান্তরে নাচে একা আলেয়া।। কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা দীপ নিভায়ে কাঁদি আমি একা, আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া।।
রাগঃ পিলু
তালঃ কাহার্বা

তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি।। আমার আকাশ আঁধার কালো তোমার তখন রাত পোহালো তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি।। ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন পূর্ণ শশী এলে যবে, আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে। আজকে আমার ঘুম টুটেছে বনে আমার ফুল ফুটেছে ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেনী।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan