
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

নাচে সুনীল দরিয়া আজি দিল্-দরিয়া পূর্ণিমা চাঁদেরে পেয়ে। কূলে তার ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে মিঠে আওয়াজে নাচে জল্-পরীর মেয়ে।। তার জল-ছলছল্ কূলে কূলে ফেনিল যৌবন ওঠে দু’লে, চাঁদিনী উজল্ তনু ঝলমল্ পরানে উছল জাগে জোয়ার — আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে।। জল-বালা মুক্তা-মালা গাঁথে নিরালা চাঁদের তরে, কাজল-বরণী তরুণী তটিনী চলেছে ধেয়ে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে। আঁখিতে ল’য়ে আঁখি-জল লইয়া ফুল-মালা হাতে।। জানি না চিনি না তোমায় কেমনে ঘরে দিব ঠাঁই অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়ন-পাতে।। কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে।। ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে, ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে।।
রাগঃ দেশী টোড়ি মিশ্র
তালঃ কাহার্বা

ঘুমে জাগরণে বিজড়িত প্রাতে। কে এলে সুন্দর আমারে জাগাতে।। শাখে শাখে ফুলগুলি হাসিছে নয়ন মেলি’ শিহরিছে উপবন ফুলেল হাওয়াতে।। দেখিনি তোমায় তবু অন্তর কহে, ছিলে তুমি লুকায়ে আমার বিরহে। চম্পার পেয়ালায় রস উছলিয়া যায় — ঝরিয়া পড়ার আগে ধর তা’রে হাতে।।
রাগঃ জঙ্গোলা
তালঃ ত্রিতাল

ফুলমালিনী! এনেছ কি মালা। এনেছ কি মালা, ভরি’, তনু-ডালা।। এনেছ পসারিণী নয়ন-পাতে প্রেমসুধা-রস মালারই সাথে, অধরের অনুরাগ রাঙা-পেয়ালা।। এনেছ প্রীতির মালতী বকুল, রসে টলমল রূপের মুকুল। গাঁথ পরান মম তব ফুলহারে মালার বিনিময়ে লহ আমারে, বৃথা না যায় শুভ লগ্ন নিরালা।।
রাগঃ পিলু-বারোয়াঁ
তালঃ কাহার্বা

করিও ক্ষমা হে খোদা আমি গুণাহগার অসহায়। কাজের মাঝে অবসর পাই না ডাকিতে তোমায়।। যতবার তোমার পথে হে খোদা যেতে চেয়েছি বাহির ভিতর হ’তে হাজারো বাধা পেয়েছি, তোমার পথের দুশমন ঘরে-বাহিরে-দুনিয়ায়।। দুঃখ-শোক-ব্যাধির তাড়নায় শুনিয়াও শুনিনি আজান, বান্দার সে-অপরাধ করিও ক্ষমা হে রহমান। আমি যে কাঙাল ভিখারি পুণ্যের পুঁজি নাহি শূন্য হাতে আমারে ফিরায়ো না হে ইলাহি, করো না নিরাশ যদিও শরণ যাচি অবেলায়।।
রাগঃ
তালঃ
দূর দ্বীপ–বাসিনী, চিনি তোমারে চিনি। দারুচিনির দেশের তুমি বিদেশিনীগো, সুমন্দভাষিণী।। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারি অশান্ত রাগিণী।। বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে? বনান্ত ছেয়ে যায় বাসন্তী–হাসিতে। তব কবরী–মূলে নব এলাচীর ফুল দুলে কুসুম–বিলাসিনী।।
কিউবান সুর
তালঃ কাহার্বা
শিল্পীঃ সামিনা চৌধুরী

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan