
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নীরব সন্ধ্যা, নীরব দেবতা খোলো মন্দির দ্বার। ম্লান হ’ল বেদনায় অঞ্জলি নিশি-গন্ধ্যার।। নিভিয়া যায় হায় অঞ্চল-তলে নয়নের প্রদীপ নয়নের জলে, শুকাইল নিরাশায় চন্দন ফুলদল তোমার বরণ ডালার।। মৌন র’বে আর কতকাল বল পাষাণ-বেদীতে, কত জনম কত পূজারিণীর আয়ু-দীপ নিভাইতে। দিনের তপস্যার শেষে সাঁঝ-লগনে আশার চাঁদ কি গো উঠিবে না গগনে, আমার শেষ বাণী তোমার চরণে — নিবেদনের ক্ষণ পাব নাকি আর।।
রাগঃ
তালঃ
নবনীত সুকোমল লাবনি তব শ্যাম অবনীতে টলে টলমল। পত্রে পুষ্পে বনে সুনীল গগন কোণে সেই লাবনির মায়া ঝরে ঝলমল।। বিল ঝিল, তড়াগ, পুকুর সাগর, নদীতে তব শ্যামলিমা হেরি ভরপুর। শিশির-মুকুরে তব করুণ ছায়া, শ্যাম, করে ছলছল। নীলের সাগরে তব যেন বিন্দু প্রায় কোটি গ্রহ তারকা ভাসিয়া ভাসিয়া যায়; বিশ্ব ব্রহ্মলোক অহরহ করে ধ্যান শ্যামসুন্দর তব রূপ ঢল ঢল।।
রাগঃ
তালঃ কাহার্বা

নিশীথ হয়ে আসে ভোর, বিদায় দেহ প্রিয় মোর। রজনী-গন্ধ্যার বনে হের গুঞ্জরিছে ভ্রমর।। হের ঐ তন্দ্রা ঢুলু ঢুল্, জড়ায়ে হাতে এলোচুল। বধূ যায় সিনান-ঘাটে পথে লুটায় বসন-আকুল।। খোল খোল বাহুর মালা, মোছ মোছ প্রিয়া আঁখি, শোন্ কুঞ্জ-দ্বারে তব কুহু মুহু মুহু ওঠে ডাকি’। হের লো, শিয়রে তব প্রদীপ হয়ে এলো ম্লান, দাঁড়াল রাঙা ঊষা ঐ রঙের সাগরে করি’ স্নান। আকাশ-অলিন্দে কাঁদে পাণ্ডুর-কপোল শশী, শুকতারা নিবু-নিবু ঐ, মলয়া উঠে উছসি,। কাঁদে রাতের আঁধার মোর বুকে মুখ রাখি’।।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা
নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভ'রে ভিন গাঁ হতে এনে গো রস-পিয়াসি ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।। মিঠে রোদে শীতের দিনে তরুণ-বঁধূ লও গো কিনে ফাগুন-হাওয়া বইবে প্রাণে, ওগো হালকা নেশার ঘোরে।। মলিন মুখে দিয়ে দেখ নলিন খেজুর-গুড় বাহির-ভিতর হবে তাহার মিষ্টিতে ভরপুর ওগো মিষ্টিতে ভরপুর। মোর তনুর চেয়ে অনেক বেশি মধুর এ রস ও বিদেশি, রস না পিয়েও ঝিমিয়ো না গো নেশায় অমন ক'রে।।
রাগঃ
তালঃ ফের্তা

নিপীড়িতা পৃথিবী ডাকে জাগো চন্ডিকা মহাকালি। মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি দনুজ-দলনী করালি॥ প্রাণহীন শবে শিব-শক্তি জাগাও নারায়ণের যোগ-নিদ্রা ভাঙাও অগ্নিশিখায় দশদিক রাঙাও বরাভয়দায়িনী নৃমুন্ডমালি॥ শ্রী চন্ডিতে তোরই শ্রীমুখের বাণী কলিতে আবির্ভাব হবে তোর ভবানী। এসেছে কলি, কালিকা এলি কই শুম্ভ-নিশুম্ভ জন্মেছে পুন ঐ অভয়বাণী তব মাভৈঃ মাভৈঃ শুনিব কবে মাগো খর করতালি॥
রাগঃ পঞ্চম
তালঃ ত্রিতাল

নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান — জপে তোমারি নাম। তারায় গাঁথা তস্বি ল’য়ে নিশীতে আসমান — জপে তোমারি নাম।। ফুলের বনে নিতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া, হাতে ল’য়ে ফুলকুঁড়ির তস্বি ফুলের বাগান — জপে তোমারি নাম।। সাঁঝ সকালে কোকিল পাপিয়া মধুর তব নাম ফেরে গাহিয়া, ছল ছল সুরে ঝর্নার ধারা নদীর কলতান — জপে তোমারি নাম।। বৃষ্টি ধারার তস্বি ল’য়ে তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে, সাগর-কল্লোল, সমীর-হিল্লোল বাদল ঝড়-তুফান — জপে তোমারি নাম।।
রাগঃ
তালঃ

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan