
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নিপীড়িতা পৃথিবী ডাকে জাগো চন্ডিকা মহাকালি। মৃতের শ্মশানে নাচো মৃত্যুঞ্জয়ী মহাশক্তি দনুজ-দলনী করালি॥ প্রাণহীন শবে শিব-শক্তি জাগাও নারায়ণের যোগ-নিদ্রা ভাঙাও অগ্নিশিখায় দশদিক রাঙাও বরাভয়দায়িনী নৃমুন্ডমালি॥ শ্রী চন্ডিতে তোরই শ্রীমুখের বাণী কলিতে আবির্ভাব হবে তোর ভবানী। এসেছে কলি, কালিকা এলি কই শুম্ভ-নিশুম্ভ জন্মেছে পুন ঐ অভয়বাণী তব মাভৈঃ মাভৈঃ শুনিব কবে মাগো খর করতালি॥
রাগঃ পঞ্চম
তালঃ ত্রিতাল

নিরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন। অশান্ত-ধারে জল ঝরে অবিরল, ধরণী ভীত-মগন॥ ঝঞ্ঝার ঝল্লরী বাজে ঝনন্ননন দীর্ঘশ্বসি’ কাঁদে অরণ্য শনশন, প্রলয় বিষাণ বাজে বজ্রে ঘনঘন — মূর্ছিত মহাকাল-চরণে মরণ॥ শুধিবে না কেহ কি গো এই পীড়নের ঋণ, দুঃখ-নিশি-শেষে আসিবে না শুভদিন। দুষ্কৃতি বিনাশায় যুগ-যুগ-সম্ভব অধর্ম নিধনে এসো অবতার নব, ‘আবিরাবির্ম এধি’ ঐ ওঠে রব — জাগৃহি ভগবন্, জাগৃহি ভগবন্॥
রাগঃ মল্লার
তালঃ কাওয়ালি
নবনীত সুকোমল লাবনি তব শ্যাম অবনীতে টলে টলমল। পত্রে পুষ্পে বনে সুনীল গগন কোণে সেই লাবনির মায়া ঝরে ঝলমল।। বিল ঝিল, তড়াগ, পুকুর সাগর, নদীতে তব শ্যামলিমা হেরি ভরপুর। শিশির-মুকুরে তব করুণ ছায়া, শ্যাম, করে ছলছল। নীলের সাগরে তব যেন বিন্দু প্রায় কোটি গ্রহ তারকা ভাসিয়া ভাসিয়া যায়; বিশ্ব ব্রহ্মলোক অহরহ করে ধ্যান শ্যামসুন্দর তব রূপ ঢল ঢল।।
রাগঃ
তালঃ কাহার্বা

নয়ন যে মোর বারণ মানে না। বারণ মানে না মন কাঁদন মানে না।। নিশিদিন তব আশে আছি চেয়ে পথ পাশে দুকূল বেয়ে সলিল আসে কাজল মানে না।। সবার মাঝে থেকেও একা আমি তাই তো তোমার চাই গো দেখা, মরম যে গো, তোমায় ছাড়া কারেও জানে না।।
রাগঃ কাফি মিশ্র
তালঃ দাদ্রা

না মিটিতে সাধ মোর নিশি পোহায়। গভীর আঁধার ছেয়ে আজো হিয়ায়।। আমার নয়ন ভ’রে এখনো শিশির ঝরে, এখনো বাহুর ’পরে বঁধূ ঘুমায়।। এখনো কবরী-মূলে কুসুম পড়েনি ঢুলে, এখনো পড়েনি খুলে’ মালা খোঁপায়।। নিভায়ে আমার বাতি পোহাল সবার রাতি, (আমি) নিশি জেগে’ মালা গাঁথি, প্রাতে শুকায়।।
রাগঃ ভৈরবী
তালঃ কাওয়ালি

নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না দীপ নিভিতে দাও। নিবু-নিবু প্রদীপ নিবুক হে পথিক ক্ষণিক থাকিয়া যাও॥ ঢুলিয়া পড়িতে দাও ঘুমে অলস আঁখি ক্লান্ত করুণ কায়, সুদূর নহবতে বাঁশরি বাজিতে দাও উদাস যোগিয়ায়। হে প্রিয় প্রভাতে ও-রাঙা পায় বকুল ঝরিয়া মরিতে চায়, তব হাসির আভায় তরুণ অরুণ প্রায় দিক রাঙিয়ে যাও॥
রাগঃ ভৈরবী-যোগিয়া
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan