
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

খোল খোল খোল গো দুয়ার। নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার।। সঙ্কেত-বাঁশরি বনে বনে বাজে মনে মনে বাজে। সজিয়াছে ধরণী অভিসার-সাজে। নাগর-দোলায় দুলে সাগর পাথার।। জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি চোখ গেল, চোখ গেল, চোখ গেল! অসহ রূপের দাহে ঝলসি’ গেল আঁখি, চোখ গেল, চোখ গেল, চোখ গেল! ঘুমন্ত যৌবন, তনু মন, জাগো! সুন্দরী, সুন্দর-পরশন মাগো। চল বিরহিণী অভিসারে বঁধুয়ার।।
রাগঃ আড়ানা
তালঃ কাওয়ালি
শিল্পীঃ জয়শ্রী চৌধুরী ত্রিবেদী
ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি — করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে; বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।। কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি’। গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় — কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড় আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।
রাগঃ ইমন-ভূপালী
তালঃ দাদ্রা
শিল্পীঃ সতীনাথ

চাঁদের নেশা লেগে ঢুলে নিশীথিনী। মদির হাওয়ার তালে নাচন লাগে ডালে ডালে — ঝিল্লি নূপুর পরি’ পায় নাচে কানন বিহারিণী।। নেশার ঘোর লাগে বনে পাপিয়া জাগে ‘চোখ গেল চোখ গেল’ গেয়ে ওঠে গুল-বাগে, একেলা বাতায়নে হায় জাগে বিরহিণী।। মহুয়া বকুল ফুলে মদির সুবাস ঘনায়, চাঁদের ওই মুখ মদের ছিটে লাগে কনক চাঁপায়। শান্ত হৃদয় মম দুলিছে সাগর সম, এমন রাতে সে কোথায় আমি যার অনুরাগিণী।।
রাগঃ
তালঃ ফের্তা (কাহার্বা ও দাদ্রা)

আমায় নহে গো – ভালবাস শুধু ভালবাস মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে গান হ’লে অবসান।। চাঁদেরে কে চায় – জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা প’ড়ে থাকে ধূলি মাঝে; তুমি বুঝিবে না বুঝিবে না — আলো দিতে পোড়ে কত প্রদীপের প্রাণ।। যে কাঁটা-লতার আঁখি-জল, হায়, ফুল হ’য়ে ওঠে ফুটে — ফুল নিয়ে তায় দিয়েছ কি কিছু শূন্য পত্র-পুটে! সবাই তৃষ্ণা মিটায় নদীর জলে, কী তৃষা জাগে সে নদীর হিয়া-তলে — বেদনার মহাসাগরের কাছে কর সন্ধান।।
রাগঃ মিশ্র মুলতানী
তালঃ কাহার্বা
শিল্পীঃ মাধুরী চট্টোপাধ্যায়

নাচে সুনীল দরিয়া আজি দিল্-দরিয়া পূর্ণিমা চাঁদেরে পেয়ে। কূলে তার ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে মিঠে আওয়াজে নাচে জল্-পরীর মেয়ে।। তার জল-ছলছল্ কূলে কূলে ফেনিল যৌবন ওঠে দু’লে, চাঁদিনী উজল্ তনু ঝলমল্ পরানে উছল জাগে জোয়ার — আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে।। জল-বালা মুক্তা-মালা গাঁথে নিরালা চাঁদের তরে, কাজল-বরণী তরুণী তটিনী চলেছে ধেয়ে।।
রাগঃ ভৈরবী
তালঃ দাদ্রা
কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে, হে প্রিয় মোর। নিভে গেছে কত তপন-চাঁদ তোমারে খুঁজিয়া, হে মন চোর।। কত গ্রহে, প্রিয়, কত তারায় তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়! চাহ এ নয়নে হেরিবে তায়, সে-দূর স্মৃতির স্বপন-ঘোর।। আজো অপূর্ণ কত সে-সাধ অভিমানী তাহে সেধো না বাদ! না মিটিতে সাধ, স্বপন-চাঁদ, মিলনের নিশি ক’রো না ভোর।।
রাগঃ দুর্গা-মান্দ
তালঃ দাদ্রা
Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan