
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী নীল রেশমি রুমাল বেঁধে তার চারু-চাঁচর কেশে। তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে তাঁর রূপ -লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে।। তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি' বিশ্বের শাহানশাহ আজ মাখে গোঠের ধূলি, তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে তাঁর ছায়া ক'রে চলে আকাশে মেঘ এসে।। কিশোর নবী গোঠে চলে তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর মোম হয়ে যায় গ'লে তসলিম জানায় পাহাড় চরণে ঝুকে তাঁহার। নারাঙ্গি,আঙুর,খরজুর,পায়ে নজরানা দেয় হেসে।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

অগ্রপথিক হে সেনাদল, জোর্ কদম্ চল্ রে চল। রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর, বাসি বসুধায় নব অভিযান আজিকে তোর! রাখ্ তৈয়ার হাথেলিতে হাথিয়ার জোয়ান, হান্রে নিশিত পাশুপতাস্ত্র অগ্নিবাণ। কোথায় হাতুড়ি কোথা শাবল? অগ্র-পথিক রে সেনাদল, জোর্ কদম্ চল রে চল্।। কোথায় মানিক ভাইরা আমার, সাজ রে সাজ! আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ! আমরা নবীন তেজ-প্রদীপ্ত বীর তরুণ বিপদ বাধার কণ্ঠ ছিঁড়িয়া শুষিব খুন! আমরা ফলাব ফুল-ফসল। অগ্র-পথিক রে যুবাদল, জোর্ কদম্ চল রে চল্।। প্রাণ-চঞ্চল প্রাচী-র তরুণ, কর্মবীর, হে মানবতার প্রতীক গর্ব-উচ্চশির! দিব্যচক্ষে দেখিতেছি, তোরা দৃপ্তপদ সকলের আগে চলিবি পারায়ে গিরি ও নদ, মরু-সঞ্চর গতি চপল। অগ্র-পথিক রে পাঁওদল, জোর্ কদম্ চল রে চল্।। স্থবির শ্রান্ত প্রাচী-র প্রাচীন জাতিরা সব হারায়েছে আজ দীক্ষা দানের সে গৌরব। অবনত-শির গতিহীন তারা, মোরা তরুণ বহিব সে ভার, লব শাশ্বত ব্রত দারুণ, শিখাব নতুন মন্ত্রবল। রে নব পথিক যাত্রীদল, জোর কদম্ চল্ রে চল্।। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান্ চলমান-বেগে প্রাণ-উছল। রে নব যুগের স্রষ্টাদল, জোর্ কদম্ চল্ রে চল্।। অভিযান-সেনা আমরা ছুটিব দলে দলে বনে নদীতটে গিরি-সঙ্কটে জলে-থলে। লঙ্ঘিব খাড়া পর্বত-চূড়া অনিমেষে, জয় করি সব তসনস্ করি’ পায়ে পিষে — অসীম সাহসে ভাঙি’ লাগল! না-জানা পথের নকীব-দল, জোর্ কদম্ চল্ রে চল্।। পাতিত করিয়া শুষ্ক বৃদ্ধ অটবীরে বাঁধ বাঁধি চলি দুস্তর খর স্রোত-নীরে। রসাতল চিরি’ হীরকের খনি করি খনন, কুমারী ধরার গর্ভে করি গো ফুল সৃজন, পায়ে হেঁটে মাপি ধরণীতল। অগ্র-পথিক রে চঞ্চল, জোর্ কদম্ চল্ রে চল্।। আমরা এসেছি নবীন প্রাচী-র নবস্রোতে ভীম পর্বত ক্রকচ-গিরির চূড়া হতে, উচ্চ অধিত্যকা প্রণালিকা হইয়া পার আহত বাঘের পদ-চিন্ ধরি হয়েছি বা’র; পাতাল ফুঁড়িয়া, পথ-পাগল। অগ্র-বাহিনী পথিক দল, জোর কদম্ চল্ রে চল্।। অভয়-চিত্ত ভাবনা-মুক্ত যুবারা শুন্! মোদের পিছনে চীৎকার করে পশু, শুকুন। ভ্রূকুটি হানিছে পুরাতন পচা গলিব শব, রক্ষণ-শীল বুড়োরা করিছে তাহারি স্তব, শিবারা চেঁচাক, শিব অটল! নির্ভীক বীর পথিক-দল, জোর কদম্ চল্ রে চল্।। আগে — আরো আগে সেনা-মুখ যথা করিছে রণ, পলকে হতেছে পূর্ণ মৃতের শূন্যাসন, আছে ঠাঁই আছে, কে থামে পিছনে? হ’ আগুয়ান, যুদ্ধের মাঝে পরাজন মাঝে চলো জোয়ান! জ্বাল্ রে মশাল জ্বাল্ অনল! অগ্রযাত্রী রে সেনাদল, জোর্ কদম্ চল্ রে চল্।। ওগো ও প্রাচী-র দুলালি দুহিতা তরুণীরা, ওগো জায়া, ওগো ভগিনীরা! ডাকে সঙ্গীরা! তোমরা নাই গো, লাঞ্ছিত মোরা তাই আজি, উঠুক তোমার মণি-মঞ্জীর ঘন বাজি’ আমাদের পথে চল-চপল। অগ্র-পথিক তরুণ-দল, জোর্ কদম্ চল্ রে চল্।। নেমেছে কি রাতি, ফুরায় না পথ সুদুর্গম? কে থামিস্ পথে ভগ্নোৎসাহ নিরুদ্যম? বসে নে খানিক পথ-মঞ্জিলে, ভয় কি ভাই, থামিলে দুদিন ভোলে যদি লোকে — ভুলুক তাই! মোদের লক্ষ্য চির-অটল। অগ্রপথিক ব্রতীর দল, বাঁধ রে বুক, চল্ রে চল্।। শুনিতেছি আমি, শোন্ ঐ দূরে তূর্য-নাদ ঘোষিছে নবীন ঊষার উদয়-সুসংবাদ! ওরে ত্বরা কর্! ছুটে চল্ আগে — আরো আগে! গান গেয়ে চলে অগ্রবাহিনী, ছুটে চল্ তারো পুরোভাগে! তোর অধিকার কর দখল! অগ্র-নায়ক রে পাঁওদল! জোর কদম্ চল্ রে চল্।।
মার্চের সুর
রাগঃ
তালঃ
বিঁধে গেল তীর তেরছ তার চাহনি। বিঁধিল মরম-মূলে চাহিল যেমনি।। হৃদয় বনের নিষাদ সে নিঠুর তনু তার ফুলবন আঁখি তাহে ফণি। এলো যখন স্বপন-পরী উড়ায়ে আঁচল সোনালি, মোর ধেয়ান-লোক হতে যেন এলো রূপ ধরে রূপওয়ালী। দেহে তার চাঁদিনী-চন্দন মাখা, হায় চাহিল সে যেই তার চোখের ঐ তীর খেয়ে কেঁদে কহিল হৃদি; ওগো হেনে গেল তীর।।
রাগঃ পিলু মিশ্র
তালঃ দাদ্রা

ভারত শ্মশান হ’ল মা, তুই শ্মশানবাসিনী ব’লে। জীবন্ত-শব নিত্য মোরা, চিতাগ্নিতে মরি জ্ব’লে।। আজ হিমালয় হিমে ভরা, দারিদ্র্য-শোক-ব্যাধি-জরা, নাই যৌবন, যেদিন হতে শক্তিময়ী গেছিস্ চ’লে।। (মা) ছিন্নমস্তা হয়েছিস্ তাই হানাহানি হয় ভারতে, নিত্য-আনন্দিনী, কেন টানিস্ নিরানন্দ পথে? শিব-সীমন্তিনী বেশে খেল্ মা আবার হেসে হেসে, ভারত মহাভারত হবে, আয় মা ফিরে মায়ের কোলে।।
রাগঃ মূলতান
তালঃ একতাল

বসন্ত আজ আসল ধরায় ফুল ফুটেছে বনে বনে। শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন-বনে।। ফুলগুলি হায় ঝরেছিল হিমেল হাওয়ার পরশনে, দখিন হাওয়ার হিল্লোলে আজ প্রিয়তমের স্পর্শ নে’। উদাসী এই মাতাল বাতাস জাগায় ধরায়, মাতায় আকাশ, হাসিতে তার কিসের আভাস মন জানে, মনে মনে।।
রাগঃ
তালঃ
সোনার হিন্দোলে কিশোর–কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে বিন্দু বিন্দু বারি অবিরত পড়ে ঝরি’ বাজে তাল জলদ মৃদঙ্গে।। জড়াইয়া শ্যামে দোলে ভীরু রাধা থির বিজুরি ডোরে মেঘ যেন বাঁধা পল্লব কোলে ফুলদলে দোলে (যেন) গোপীদল গোপীবল্লভ সঙ্গে।। উল্লাসে থরথর খরতর বহে বায় পুলকে ডালে ডালে কদম্ব শিহরায়। দৃষ্টিতে গোপীদের বৃষ্টির লাবনি আনন্দ উতরোল গাহে বৃন্দাবনী নূপুর মধুর বাজে যমুনা তরঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে।।
রাগঃ তিলক কামোদ মিশ্র
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan