
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।
নজরুলগীতির নতুন মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ইনস্টল করতে ক্লিক করুন।

নাচন লাগে ঐ তরুলতায় পাতায় ফুলে। ফুল-সৌখিন দখিন হাওয়া নাচে দু’লে দু’লে।। নাচে অথির-মতি রঙিন-পাখা প্রজাপতি, বন দুলায়ে মন ভুলায়ে, ঝিল্লি-নূপুর বাজায়ে নাচে বনে নিশীথিনী এলোচুলে।। মৃণাল-তনু কমল নাচে এলোখোঁপায় নীল জলে, ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে নির্ঝর পাষাণ-তলে। বাদ্ল হাওয়ায় তাল্বনা ঐ বাজায় চটুল্ দাদ্রা তাল, নদীর ঢেউ-এ মৃদঙ বাজে, পান্সি নাচে টাল্মাটাল্। নেচে চেনে গ্রহতারা দিশাহারা নটরাজের নাট-দেউলে।।
রাগঃ বেহাগ-খাম্বাজ
তালঃ ফের্তা

আমি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্ণি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি! আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত বুকে গতি ফের! আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়, চিত-চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর! আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন, আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন! আমি চির-শিশু, চির-কিশোর, আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর! আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাস পূরবী হাওয়া, আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া। আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি, আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি! আমি তুরীয়ানন্দে ছুটে চলি, এ কি উন্মাদ, আমি উন্মাদ! আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ! আমি অর্ফিয়াসের বাঁশরী, মহা-সিন্ধু উতলা ঘুমঘুম ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম মম বাঁশরীর তানে পাশরি’। আমি শ্যামের হাতের বাঁশরী। আমি পরশুরামের কঠোর কুঠার, নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার! মহা-বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না — অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না — বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন, আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন! আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন! আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন! আমি চির-বিদ্রোহী বীর — বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির! শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির! বল বীর - বল উন্নত মম শির! বল বীর, বল বীর।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

নিতি নিতি মোরে ডাকে সে স্বপনে, নিরাশার আলো জ্বলিয়া গোপনে। জানি না মায়াবিনী কী মায়া জানে কেবলি বাহিরে পরান টানে, ঘুরে ঘুরে মরি আঁধার-গহনে।। শত পথিকে ও-রূপে ছল হানে, অপরূপ শতরূপে শত গানে। পথে পথে বাজে তাহারি বাঁশি, সে-সুরে নিখিল-মন উদাসী; দহে যাদুকরী বিধুর দহনে।।
রাগঃ
তালঃ
ভালোবাসার ছলে আমায় তোমার নামে গান গাওয়ালে। চাঁদের মতন সুদূর থেকে সাগরে মোর দোল খাওয়ালে।। কাননে মোর ফুল ফুটিয়ে উড়ে গেল গানের পাখি, যুগে যুগে আমায় তুমি এমনি ক’রে পথ চাওয়ালে।। আঁকি তোমার কতই ছবি, তোমায় কতই নামে ডাকি, পালিয়ে বেড়াও, তাই তো তোমায় রেখার সুরে ধ’রে রাখি। মানসী মোর! কোথায় কবে আমার ঘরের বধূ হবে, লোক হ’তে গো লোকান্তরে সেই আশে তরী বাওয়ালে।।
রাগঃ তিলক-কামোদ
তালঃ রূপক
বৃন্দাবনী কুমকুম আবির রাগে যেন মোর অন্তর বাহির রাঙ্গে।। রস-যমুনা যেন বহে কভু মধুর মিলনে কভু বিধুর বিরহে, রস-তৃষাতুরা ব্রজ-নাগরী যেন গাগরিতে সেই রস মাগে।। যেন মোর কুঞ্জ-দুয়ারে, ভাব-বিলাসিনী শ্রীমতী আসে অভিসারে। যেন মোর নিবিড় ধ্যানে মুরলী-ধ্বনি শুনি কানে, বিরহের বরষায় আশা-নীপ-শাখায় যেন ঝুলনের দোলা লাগে।।
রাগঃ বৃন্দাবনী-সারং
তালঃ একতাল

দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল্ খুলবে পরে ওরে আগে খুলুক হাত।। দেখ পাক্ কোরআন শোন্ নবীজীর ফরমান ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।। তোর দর্ দালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম। বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসুলে করিম। সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত।। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবেরাতে। এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্তী সওগাত।।
রাগঃ
তালঃ কাহার্বা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan